কলকাতা- সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বেনজির রাজনৈতিক সংঘাত। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে বিজেপি নেতা সজল ঘোষ সৌরভকে ‘দালাল’ বলে বিঁধেছেন।
ওই মন্তব্য ঘিরেই চড়েছে রাজনীতির পারদ। সূত্রের খবর, নিজের সম্মানে আঘাত লাগায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে লিখিতভাবে নালিশ জানানোয় উদ্যোগী সৌরভ।
ঘটনার সূত্রপাত একটি বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে। সেখানে সৌরভকে নিয়ে কুরুচিকর শব্দ ব্যবহারের অভিযোগ ওঠে বিজেপি নেতা সজল ঘোষের বিরুদ্ধে। বিষয়টি কানে যেতেই আর চুপ থাকেননি বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি।
মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার কথা জানিয়ে তিনি দিল্লির শীর্ষ নেতৃত্বের কাছে প্রতিবাদ পত্র পাঠানোয় উদ্যোগী তিনি। চিঠিতে তিনি প্রশ্ন তুলেছেন, একজন জাতীয় স্তরের ক্রীড়াবিদকে প্রকাশ্যে এভাবে অপমান করা যায় কি না।
আসরে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি অমিত শাহকে নিশানা করে তিনি প্রশ্ন তোলেন, ‘যদি সৌরভ গঙ্গোপাধ্যায় দালালই হন, তবে ২০২১ সালে ওঁর বাড়িতে গিয়ে নৈশভোজ কেন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী? দালালের বাড়িতে কেন গিয়েছিলেন অমিত শাহ?’
সৌরভ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ স্নেহধন্য। ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে সৌরভের উপস্থিতি কিংবা মুখ্যমন্ত্রীর লন্ডন সফরে সৌরভের উপস্থিতি কোনও কিছুই বাদ নেই। তাই বিজেপি নেতা বিঁধতে ছাড়েননি বাংলার দাদাকে। ড্যামেজ কন্ট্রোলে তৎপর বিজেপি নেতৃত্বের একাংশ দাবি করছেন, এটি সজলের ব্যক্তিগত মত হতে পারে, দলের নয়।
