রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ টিম! বাংলায় SIR ঘোষণা কি তা হলে সময়ের অপেক্ষা?

কলকাতা- বিহারের পর বাংলায়ও কি বিধানসভা নির্বাচনের আগে SIR হবে? বেশ কিছুদিন ধরেই এই নিয়ে জল্পনা চলছে। এবার জানা যাচ্ছে মঙ্গলবার রাতে বাংলায় আসছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। বুধ ও বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি রয়েছে কমিশনের সেই টিমের।

জানা গিয়েছে, SIR নিয়ে প্রস্তুতি খতিয়ে দেখতেই বাংলায় আসছে কমিশনের বিশেষ টিম। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বিশেষ নজর দিচ্ছে তারা। রাজ্যে এসে ওই তিন জেলার সঙ্গে আলাদা বৈঠক করবেন তাঁরা।

রাতে কলকাতায় পৌঁছবে কমিশনের বিশেষ টিম। বুধবার সকাল দশটা থেকে উত্তরবঙ্গ বাদে সব জেলার জেলাশাসক, ইলেক্ট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার(ERO)-দের সঙ্গে বৈঠক করবেন জ্ঞানেশ ভারতীরা। বৈঠক শেষে প্রথমে রাজারহাট-গোপালপুর তারপর বারাসত যাবেন। বৃহস্পতিবার সকাল দশটায় কোলাঘাটে পৌঁছবেন। সেখানে তিন জেলা-পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন।

রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, বৈঠকের জন্য কেন ওই তিন জেলাকে আলাদা করে বেছে নেওয়া হল? বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দুর অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর। সেজন্যই কি এই জেলায় বাড়তি নজর দেওয়া হচ্ছে? সূত্রের খবর, বিজেপি অভিযোগ করেছে, সরকারি কর্মীদের বাদ দিয়ে বেসরকারি কর্মীদের বিএলও (বুথ লেভেল অফিসার) হিসেবে নিয়োগ করা হচ্ছে। এতে ভোটার তালিকায় গরমিল হতে পারে। এর মধ্যে বাঁকুড়া এবং ঝাড়গ্রাম নিয়ে অভিযোগ সবচেয়ে বেশি ছিল।

সূত্রের খবর, রাজারহাট গোপালপুর নিয়েও তৎপর কমিশন। রাজারহাটের ডিস্ট্রিক্ট অফিসার (ডিইও), আইটি সেল, ERO-দের নিয়ে বৈঠক করবে কমিশন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *