সোশ্যাল মিডিয়ায় শরীর নিয়ে কটু্ক্তি! ক্ষুব্ধ শ্রাবন্তী এবার পুলিশের দ্বারস্থ, শেষ দেখে ছাড়বেন!

কলকাতা- তারকাদের সমাজমাধ্যমে ট্রোল হওয়া নতুন কিছু নয়, তবে এবার শালীনতার মাত্রা ছাড়াল। কড়া পদক্ষেপ নিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

তাঁর চেহারার গড়ন নিয়ে লাগাতার কুরুচিকর মন্তব্য ও ‘বডি শেমিং’-এর শিকার হয়ে অবশেষে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হলেন তিনি।

শুক্রবার ইমেল মারফত নিজের অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। পুলিশ সূত্রে খবর, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।

দীর্ঘদিন ধরেই সমাজমাধ্যমে শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন ও বাহ্যিক গঠন নিয়ে নেতিবাচক আলোচনা চলত। সম্প্রতি তাঁর ওজন বৃদ্ধি নিয়ে কিছু নেটিজেন অত্যন্ত অশালীন ভাষায় আক্রমণ শুরু করেন।

এই প্রসঙ্গে শ্রাবন্তী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমরা শিল্পীরা এমনিই ‘সফ্‌ট টার্গেট’। কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবেও বলছি, দিনের পর দিন এই ধরনের নোংরা মন্তব্য সহ্য করা যায় না। মানুষের বোঝা উচিত, কেন এই পরিবর্তন হয়েছে।”

শ্রাবন্তী জানিয়েছেন, তাঁর এই শারীরিক পরিবর্তন নিছক অলসতা নয়, বরং পেশাদারিত্বের খাতিরে। ‘ঠাকুমার ঝুলি’ নামক একটি নতুন ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন তিনি। সেখানে তাঁকে দেখা যাবে নামভূমিকায় অর্থাৎ ‘ঠাকুরমা’র চরিত্রে।

একজন ঠাকুরমার চরিত্র ফুটিয়ে তুলতে তাঁর শারীরিক গঠনে বদল আনা জরুরি ছিল। এই চরিত্রের প্রয়োজনেই প্রায় ১০ কেজি ওজন বাড়াতে হয়েছিল তাঁকে।

শিল্পী সমাজের ওপর হওয়া এই ধারাবাহিক মানসিক অত্যাচারের বিরুদ্ধে একটি দৃষ্টান্ত স্থাপন করতেই তিনি আইনের আশ্রয় নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *