কলকাতা – শনিবারের মধ্যেই ‘অযোগ্য’দের তালিকা প্রকাশ করা হবে! সুপ্রিম কোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর ঠিক নির্ধারিত তারিখেই হবে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। শুক্রবার সেই মর্মে স্পষ্ট নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
এদিন বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, যেসব প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে বা যাঁরা ‘অযোগ্য’ বা ‘দাগি’ হিসেবে চিহ্নিত, তাঁদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া যাবে না। এই বিষয়টি নিশ্চিত করতে হবে এসএসসি কর্তৃপক্ষকে।
এদিন এসএসসি-র কাছে শীর্ষ আদালত জানতে চায়, কতজন ‘দাগি অযোগ্য’ প্রার্থী রয়েছেন? জবাবে এসএসসি বলে, সংখ্যাটা ১৯০০-র মতো।
আগামী ৭ সেপ্টেম্বর পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। তাঁদের আবেদন ছিল তাঁরা যোগ্য প্রার্থী। এদিন শুনানির সময় মামলাকারীদের পক্ষ থেকে দাবি করা হয়, এখনও অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে। সেই সময়ই বিচারপতিদের প্রশ্নের মুখে পড়ে কমিশন ও রাজ্য। রাজ্যের দুই স্তরে মিলিয়ে প্রায় ৫ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন।
