জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টির ভ্রূকুটি! শুক্রবার থেকেই বদলাবে আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস!

কলকাতা- বর্ষা চলে গেছে। ভোর বা রাতের দিকে হালকা ঠান্ডা-ঠান্ডা অনুভূতও হচ্ছে। কিন্তু হাওয়া অফিস বলছে, এখনই বৃষ্টির রেহাই নেই রাজ্যবাসীর।

চলতি সপ্তাহে কোনও সতর্কবার্তা নেই বাংলায়। ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আর সকালে সামান্য কুয়াশা আর ধোঁয়াশা থাকবে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, সেটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে। আর এর জেরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে।

মৎস্যজীবী ও পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করেছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে। সেটি আবার গতি পরিবর্তন করে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ১২ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে সেটি। তবে এর গতি কমে যাবে বলে কোনও প্রভাব পড়বে না বাংলায়।

শুক্রবার থেকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামীকাল থেকেই পার্বত্য এলাকায় আকাশ মেঘলা থাকবে।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। শনি, রবি এবং সোমবার এই জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে বদলাবে হাওয়া। উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার এবং সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার ছট পুজোর দিন বৃষ্টির পরিমাণ বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *