আইআইএম জোকায় ছাত্রীকে ধর্ষণ! ল কলেজের পর আবার চাঞ্চল্যকর ঘটনা কলকাতায়

কলকাতা – আইআইএম জোকায় ছাত্রীকে ধর্ষণের ঘটনায় শনিবার সকালে কলেজ ক্যাম্পাসের সামনে তুমুল বিক্ষোভ দেখাল কংগ্রেস। কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান নেতা-কর্মীরা। বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে তুমুল বচসা বাঁধে বিক্ষোভকারীদের সঙ্গে।

গতকাল রাতে আইআইএম কলকাতার দ্বিতীয় বর্ষের এক ছাত্র কাউন্সেলিং-এর জন্য তারই এক সহপাঠী ছাত্রীকে হস্টেলে ডেকে পাঠায়। ভিজিটরস রুমে ওই ছাত্রীকে ঠান্ডা পানীয় ও কিছু খাবার দেন অভিযুক্ত ছাত্র।

পুলিশের পক্ষ থেকে জানা গেছে, সেই পানীয়তে মেশানো হয়েছিল মাদক। তা পান করার পরই অজ্ঞান হয়ে পড়ে ছাত্রীটি। তারপর ওই ছাত্রীর ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। জ্ঞান ফেরার পর তিনি প্রতিবাদ করলে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে দাবি করেন নির্যাতিতা।

এর পর গোটা ঘটনায় তদন্তে নামে হরিদেবপুর থানার পুলিশ। কর্ণাটকের বাসিন্দা আইআইএম কলকাতার দ্বিতীয় বর্ষের ওই ছাত্রকে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযুক্ত করা হয়েছে। নির্যাতিতার মেডিকেল রিপোর্ট ও বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, ধর্ষণের ঘটনায় এখনও পর্যন্ত  আইআইএম কর্তৃপক্ষ কোনও কথা বলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *