কলকাতা- যুবভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলা। পরিশ্রমের অর্থ ব্যয় করে অনেকেই একবারের জন্য চোখের দেখাও দেখতে পাননি মেসিকে। আর তাঁদের সমস্ত ক্ষোভ গিয়ে পড়েছিল লেডি সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের উপর।
নায়িকাকে নিয়ে সমাজমাধ্যম জুড়ে তুমুল ট্রোল শুরু হয়েছিল। হাজার হাজার টাকার টিকিটের বিনিময়ে যেখানে মেসিকে এক সেকেন্ডের জন্য দেখতে পারলেন না সাধারণ মানুষ, সেখানে মেসির একদম পাশে দাঁড়িয়ে শুভশ্রীর ছবি তোলা এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট এই সব কিছু ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক।
এবার এই প্রসঙ্গে মুখ খুললেন শুভশ্রী নিজে। তিনি সোমবার একটি ভিডিয়ো শেয়ার করে বলেন, নমস্কার আমি শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যুবভারতীতে মেসিকে নিয়ে যে ঘটনাটা ঘটে গেল সেটা নিয়ে কিছু বলার জন্যই আমি এই ভিডিয়োটা আমি করছি। G.O.A.T ইভেন্টে আমাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল। আমি হায়াতে গিয়েছিলাম আমাদের ইন্ডাস্ট্রি থেকে আমি এবং কৌশিক গঙ্গোপাধ্যায় ছিলেন। আমাদের ইন্ড্রাস্ট্রির ছাড়াও অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে অনেকেই হাজির হয়েছিলেন। সেখানে জানানো হয়েছিল তিনি আসবেন, আমাদের সকলের সঙ্গে দেখা করবেন এবং ছবি তুলবেন। আমি সাড়ে ৮টা নাগাদ হায়াতে পৌঁছে যাই। ১০টা বেজে ১৫ মিনিট নাগাদ ওঁর সঙ্গে আমার দেখা হয়। আমি ছবি তুলি। যখন আমি বেরিয়ে আসছি তখন আমাকে পি আর টিম থেকে অনুরোধ করা হয়, যদি আমি যুবভারতীতে যাই তাহলে ওঁদের সুবিধা হয়। কারণ ওখানেও নানা কিছুর আয়োজন করা হয়েছিল।’
নায়িকা আরও বলেন, আমাকে যতক্ষণ কিছু বলা হচ্ছিল আমি কিছু বলিনি। এই ঘটনায় রাগ স্বাভাবিক, তাই আমাকে বলে আপনাদের যদি মন হালকা হয় তাই হোক। তা নিয়ে কিচ্ছু বলিনি। কিন্তু আমার দুটো বাচ্চা তাদের প্রাণহানির হুমকি দেওয়া হচ্ছে। তারা তো ঘটনায় কোনো ভাবেই জড়িত ছিল না। তাই মা হয়ে এটা মেনে নিতে পারিনি। ওদের দয়া করে টানবেন না।’
