কলকাতা – ৪২ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর সুনীল ছেত্রীর। বেঙ্গালুরু এফসি এবং জাতীয় দলের প্রধান স্ট্রাইকার তিনি। যদিও থালিদ জামিল কোচ হিসেবে আসার পর সুনীলের বিকল্প খোঁজার কাজ শুরু করে দিয়েছেন। তিনি কিছু ম্যাচের জন্য ছেত্রীকে রাখেননি।
আসন্ন বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেও প্রাথমিক দলে রাখা হয়নি সুনীলকে। এই পরিস্থিতিতে এ বার সুনীল ছেত্রী দেশের জার্সিতে তাঁর অবসরের ঘোষণা করলেন।
২০২৪ সালের জুন মাসে সুনীল ছেত্রী কলকাতায় জাঁকজমকপূর্ণভাবে অবসরের পর মানোলো মার্কেস ফের তাঁকে অবসর ভাঙিয়ে ফিরিয়েছেন। যা নিয়ে নিন্দা কম হয়নি।
২০২৭ সালের AFC এশিয়ান কাপে যোগ্যতা অর্জন পর্বের জন্য সুনীলকে খেলানো হলেও দল যোগ্যতা অর্জন করতে পারেনি। এর মধ্যেই মার্কেস কোচিং ছাড়েন এবং দায়িত্ব নেন খালিদ জামিল। কিন্তু সুনীলকে যেই টুর্নামেন্টের জন্য অবসর ভেঙে আনা হয়েছিল সেই টুর্নামেন্টে দল খারাপ পারফর্ম করায় এ বার তিনি অবসরের পথে।
ছেত্রী বর্তমান কোচ খালিদ জামিলকে জানিয়েছেন তাঁর অবসরের ব্যাপারে। বলেন, ‘খালিদ স্যরকে আমার সিদ্ধান্তের ব্যাপারে জানানোটা সহজ। আমি যখন দেশের জার্সিতে কামব্যাক করি, আমার লক্ষ্য ছিল দেশকে কোয়ালিফাই করানো। কোনও কোয়ালিফায়ার এখন নেই, তাই আমি হয়তো আর ফিরব না। আমি যখন কোচকে বলি উনি বুঝেছেন এবং এতে আমি খুশি।’
সুনীল ছেত্রীর অবসর ভেঙে কামব্যাক স্মরণীয় হয়নি। তিনি ফেরার পর থেকে মোট ছটা ম্যাচ খেলে করেছেন মাত্র একটা গোল। দেশের জার্সিতে মোট গোল সংখ্যা ৯৫।
