কলকাতা- বিহারে ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষ নাম বাদ যাওয়ার ঘটনায় নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
বিহারের SIR করার পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে এই তালিকা থেকে যাদের নাম মুছে দেওয়া হয়েছে, সেই সমস্ত নাম এবং নাম বাদ দেওয়ার কারণ জনসমক্ষে প্রকাশের নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি সুর্যকান্ত ও জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল—এই বিপুল সংখ্যক ভোটারের নাম জেলা-স্তরের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, সঙ্গে দিতে হবে নাম বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণ। শুধু অনলাইনে নয়, পঞ্চায়েত ভবন, ব্লক উন্নয়ন কার্যালয় এবং পঞ্চায়েত অফিসের নোটিস বোর্ডেও বুথভিত্তিক তালিকা টাঙিয়ে দিতে হবে যাতে মানুষ সরাসরি গিয়ে নিজের নাম যাচাই করতে পারেন।
আদালত জানিয়েছে, ক্ষুব্ধ ব্যক্তি আধার কার্ডের কপি সহ দাবী জমা দিতে পারবেন। এই অন্তর্বর্তী নির্দেশ মানতে হবে ১৯ আগস্টের মধ্যে। এরপর মামলার পরবর্তী শুনানি হবে ২২ আগস্ট।
