ফন্দি টিকবে না…! বাংলাকে ১০০ দিনের কাজের টাকা মেটাবে কেন্দ্র, রায় শুনেই আক্রমণাত্মক অভিষেক

কলকাতা- রাজ্য সরকার সাম্প্রতিক সময়ে বারবার সুর চড়িয়েছে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে। অভিযোগ, ১০০ দিনের কাজের বকেয়া  টাকা রাজ্যকে দিচ্ছে না কেন্দ্র।

১০০ দিনের কাজ নিয়ে কলকাতা  হাই কোর্টে মামলা দায়ের হয়। অগাস্ট থেকেই কাজ শুরুর নির্দেশ দিয়েছিল আদালত। কেন্দ্র ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল। সোমবার সেখানেই বড় ধাক্কা খেল মোদি সরকার। 

বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে সোমবার ওই মামলার শুনানি হয়। তাতে কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে শীর্ষ আদালত। খারিজ করে দেওয়া হয়েছে কেন্দ্রের আবেদন।

এবার ১০০ দিনের কাজের বকেয়া টাকা দেবে কেন্দ্র এবং রাজ্যে ফের শুরু হবে একশ দিনের কাজ। এই রায়ে নিঃসন্দেহে বড় জয় রাজ্যের।

এই রায় সামনে আসতেই প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিষেক লেখেন, ‘যেমনটা আমি আগে বলেছিলাম, আবারও বলব: চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি! জয় বাংলা’। 

অভিষেক  লিখেছেন, ‘বহিরাগত বাংলা-বিরোধী জমিদারদের আরেকটি শোচনীয় পরাজয়। মাননীয় সুপ্রিম কোর্ট আজ কলকাতা হাইকোর্টের বাংলায় মনরেগা পুনরায় চালু করার নির্দেশকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় সরকারের আবেদন খারিজ করে দিয়েছে। এটি বাংলার জনগণের জন্য একটি ঐতিহাসিক জয়, যারা দিল্লির অহংকার এবং অন্যায়ের সামনে মাথা নত করতে অস্বীকার করেছিল।’

তিনি আরও লেখেন, ‘যখন তারা রাজনৈতিকভাবে আমাদের পরাজিত করতে ব্যর্থ হয়, তখন বিজেপি বঞ্চনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। তারা বাংলার উপর অর্থনৈতিক রোধ আরোপ করে, দরিদ্রদের মজুরি কেড়ে নেয় এবং মা, মাটি, মানুষের পাশে দাঁড়ানোর জন্য জনগণকে শাস্তি দেয়। কিন্তু বাংলা হার মানে না। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে প্রতিটি ন্যায্য টাকা, প্রতিটি সৎ কর্মী, প্রতিটি নীরব কণ্ঠের জন্য লড়াই করব। আজকের রায় তাদের মুখে গণতান্ত্রিক চপেটাঘাত যারা বিশ্বাস করত যে বাংলাকে ধমক দিয়ে, জোর করে, চুপ করিয়ে রাখা যেতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *