পথকুকুরদের পাঠানো হবে শেল্টার হোমে! সুপ্রিম কোর্টের বড়সড় নির্দেশ

কলকাতা – দেশজুড়ে প্রবল সমালোচনার মধ্যে পথ কুকুরদের নিয়ে আগের রায় পরিবর্তন করল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, সব পথ কুকুরকে রাস্তা থেকে সরিয়ে শেল্টার হোমে পাঠানো হবে না। টিকা দেওয়ার পরে পথ কুকুরদের আশ্রয়কেন্দ্র থেকে ছেড়ে দেওয়া যেতে পারে এবং একই এলাকায় ফেরত পাঠানো যেতে পারে।

নির্দেশ, প্রকাশ্য রাস্তায় আর পথ কুকুরদের খাওয়ানো যাবে না।অর্থাৎ, আগে যে নির্দেশ দেওয়া হয়েছিল তা খানিকটা শুধরে পর্যালোচনা করে রায় দিয়েছে সর্বোচ্চ আদালত।

শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা ও এনভি আঞ্জারিয়ার বেঞ্চ জানিয়েছে, এর আগে দুই বিচারপতির বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, তা স্থগিত রাখা হল। শীর্ষ আদালত বলেছে, পথকুকুরদের দিল্লির রাস্তা থেকে নির্দিষ্ট আশ্রয়ে তুলে নিয়ে যাওয়া হবে। এই কাজে কোনও ভাবেই বাধা দেওয়া যাবে না। সেখানে সঠিক পদ্ধতিতে পথ কুকুরদের জীবাণুকরণ প্রতিষেধক এবং বন্ধ্যাত্বকরণ টিকা দেওয়ার পর, আবার যে জায়গার কুকুর, সেই এলাকাতেই ছেড়ে দেওয়া হবে।

অন্তত ৫ হাজার পথ কুকুরের জন্য আশ্রয়কেন্দ্র তৈরির নির্দেশ দিয়েছে তিন সদস্যের বিচারপদের বেঞ্চ। কোনও পশুপ্রেমী যদি রাস্তার কোনও কুকুরকে পোষ্য হিসাবে গ্রহণ করতে চান, দিল্লি পুরসভায় আবেদন জানাতে পারবেন।

সুপ্রিম কোর্ট বলেছে, কারা রাস্তা থেকে কুকুর ধরবেন, কী ভাবে আদালতের নির্দেশ বাস্তবায়িত হবে, পর্যাপ্ত কর্মী আছেন কিনা, তা নিয়ে পুর কর্তৃপক্ষকে হলফনামা দাখিল করতে হবে। পাশাপাশি আদালত এই মামলার পরিধি দিল্লি-এনসিআর ছাড়িয়ে সমগ্র ভারত জুড়ে প্রসারিত করেছে। সমস্ত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং বিভিন্ন পশুপালন কেন্দ্রগুলিকে এই মামলায় যুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *