কলকাতা- স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। সেই রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার। চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মীরাও আবেদন জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে। মঙ্গলবার সেই সব আবেদন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত।
সুপ্রিম কোর্টের এই রায় যেমন চাকরিহারাদের জন্য বড় ধাক্কা, তেমনই বড় ধাক্কা রাজ্য সরকারের জন্যও।
৩ এপ্রিল এসএসসির ২৬ হাজার (২৫,৭৩৫) চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দেয়। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, তথ্য সঠিক না থাকার কারণে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব হয়নি। সেই কারণে পুরো প্যানেলটাই বাতিল করা হচ্ছে।
শুধু প্যানেল বাতিল করা নয়, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, নতুন করে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে এসএসসি-কে। দাগি তথা চিহ্নিত অযোগ্যদের বেতনের টাকা ফেরত দিতে হবে।
