কলকাতা – বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্লীল গালিগালাজের পরও গ্রেফতার হননি বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মামলা দায়ের করে থানায় তলব করে নিয়মরক্ষার জিজ্ঞাসাবাদের পর অনুব্রতর বিরুদ্ধে আর কোনও পদক্ষেপ করেনি পুলিশ।
এদিন সেই অনুব্রত মণ্ডলের কুকথার প্রতিবাদ করে তাঁর শহরের ‘নারী সম্মান যাত্রা’ করল বিজেপি। নেতৃত্বে ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পুলিশকর্তাকে গালিগালাজের পরও কেন অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়নি, সেই প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা। শুভেন্দু বলেন, ‘২০২৬ সালে বাংলায় বিজেপি সরকার গড়লে শপথ গ্রহণের এক ঘণ্টার মধ্যে অনুব্রতকে গ্রেফতার করানো হবে।’
‘নারী সম্মান যাত্রা’-য় অংশ নিয়ে প্রথমে মিছিল এবং তার পরে পথসভায় ভাষণ দেন শুভেন্দু। ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। বোলপুর ছাড়াও নানুর, ময়ূরেশ্বর-সহ একাধিক ব্লক থেকে বিজেপি কর্মী-সমর্থকরা জড়ো হয়েছিলেন মিছিলে যোগ দিতে। বোলপুরের ট্যুরিস্ট লজ় মোড় থেকে মিছিল শুরু হয়ে বোলপুর চৌরাস্তায় গিয়ে শেষ হয়। সেখানেই সভার আয়োজন করা হয়।
