কলকাতা- টি-টোয়েন্টি বিশ্বকাপে রান পাচ্ছেন না অভিষেক শর্মা। তিন ম্যাচে শূন্য করার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান পেয়েছেন ভারতের বাঁ হাতি ওপেনার।
মাত্র ১২ বলে ১৫ রান করে মার্কো জ্যানসেনের বলে আউট হন অভিষেক। ভারতীয় ব্যাটারদের ব্যর্থতায় ভারত প্রোটিয়া ব্রিগেডের কাছে ৭৬ রানে হারে।
অভিষেক কিছুতেই ফর্ম ফিরে পাচ্ছেন না কেন? সমস্যা কোথায় হচ্ছে তাঁর? ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখ্যাতে আসল কারণ তুলে ধরেছেন।
তিনি বলছেন, ”আমার মনে হয়, পেটের গোলমাল অভির প্রস্তুতিতে বাধা দেয়। এই পরিস্থিতিতে যে জায়গায় ওর পৌঁছনো উচিত ছিল, সেটা করতে পারেনি পেটের সমস্যার জন্যই।”
রায়ান টেন দুশখ্যাতে বলছেন, ”ও সুস্থ হয়ে ফিরে দৌড়ক, ওর ব্যাট সুইং এবং গেম প্ল্যান নিয়ে যেন আত্মবিশ্বাসী থাকে। তিনটি ম্যাচে পরপর শূন্য করলে চাপ বাড়তে শুরু করে। শুক্রবার রাতে নেটে অভিষেক ব্যাট করার সময়ে বেশ কিছু ভাল লক্ষণ দেখেছি। সেই সময়ে প্রেসের কাছে আমি এগুলো বলেওছিলাম। কিন্তু ম্যাচের সময়ে কিছু দুর্বলতা চোখে পড়েছে। সেগুলো সংশোধন করতে হবে। হাতে এখনও চার দিন আছে।”
