মেসির সঙ্গে ছবি! চূড়ান্ত কটাক্ষের শিকার শুভশ্রী, ঘটনায় মূল অভিযুক্ত এবার গ্রেফতার বিহার থেকে

কলকাতা- মেসির সঙ্গে যুবভারতীতে ছবি! তার পরই প্রবল কটাক্ষের শিকার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এর পরই টিটাগড় থানায় অভিযোগ করেছিলেন বিধায়ক ও শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। আর শুভশ্রীকে প্রবল কটাক্ষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, ধৃতের নাম বিট্টু শ্রীবাস্তব। অভিযুক্ত টিটাগড়ের আদি বাসিন্দা। তবে বর্তমানে সে বিহারেই থাকে। জানা গিয়েছে, তাঁকে বিহারের আরা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় আর কেউ যুক্ত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। কিছুদিন আগেই মেসি ভারত সফরে এসেছিলেন। সেই সময় কলকাতার যুবভারতীতে মেসিকে ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ওই ঘটনায় মেসির গোট ট্যুরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত গ্রেফতারও হন। সেদিন যুবভারতীতে বিশৃঙ্খলার মাঝেই আর্জেন্টিনার ফুটবল তারকার পাশে দাঁড়িয়ে ছবি তোলা নিয়ে লাগাতার সমাজমাধ্যমে কটাক্ষের শিকার হন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

Read More