কলকাতা- তারাপীঠের একটি হোটেলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! বাথরুমে মহিলার স্নানের ভিডিও মোবাইলবন্দি করার অভিযোগ উঠল এক পুলিশ অফিসারের বিরুদ্ধে।
এমন ঘটনা ঘটেছে বীরভূম জেলার তারাপীঠ থানার পিছনে অবস্থিত একটি হোটেলে। যদিও অভিযুক্ত পুলিশ অফিসার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
জানা গিয়েছে, বুধবার কলকাতার দমদম ক্যান্টনমেন্ট এলাকা থেকে তিনটি পরিবার পুজো দিতে তারাপীঠে আসেন। তাঁরা তারাপীঠ থানা সংলগ্ন একটি হোটেলে ওঠেন এবং দুপুরের দিকে তিনটি ঘর ভাড়া নেন। ওই তিনটি ঘরের মাঝের অন্য একটি ঘরে এক পুলিশ অফিসার থাকছিলেন।
অভিযোগ, তিনি পাশের ঘরের বাথরুমের ভেন্টিলেটরের ফাঁকা জায়গা ব্যবহার করে লাল কভার দেওয়া একটি মোবাইল ফোন থেকে এক মহিলার স্নানের ভিডিও তুলছিলেন।
অভিযোগ, বাথরুমে থাকা মহিলা বিষয়টি বুঝতে পেরে চিৎকার করেন। তাঁর চিৎকার শুনে সঙ্গে থাকা অন্যান্য সদস্যরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন এবং হোটেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তাঁরা অভিযুক্ত পুলিশ অফিসারের ঘরে ঢোকার আগেই তিনি মোবাইল থেকে ভিডিওটি মুছে ফেলার চেষ্টা করেন। তবে মোবাইলের একটি অংশে ভিডিওটি রয়ে গিয়েছিল বলে তাঁদের দাবি।
অভিযুক্ত পুলিশ অফিসার সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তিনি কোনও ছবি বা ভিডিও তোলেননি।
