এসএসসি ভবনের সামনে থেকে অবস্থান তুলে নিলেন চাকরিহারা শিক্ষকরা, গন্তব্য এবার শহিদ মিনার

কলকাতা- এসএসসি ভবনের সামনে থেকে অবস্থান তুলে নিলেন চাকরিহারা শিক্ষকরা। এবারে তাঁদের গন্তব্য শহিদ মিনার। যোগ্য হয়েও তাঁদের নাম অযোগ্যদের তালিকায় রয়েছে, সেই কারণে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চাকরিহারারা। দাবি পূরণ না হলে আগামীতে তাঁরা বিকাশ ভবন অভিযান করবেন।

শুক্রবার চাকরিহারা শিক্ষকেরা সংবাদ মাধ্যমের সামনে জানান, যে দাবিগুলি আমাদের ছিল, তা আংশিক পূরণ হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত একটা গন্ডগোল রয়েছে। আমরা যোগ্যদের একটা তালিকা প্রকাশের দাবি জানিয়েছিলাম। সেই তালিকা ডিআই অফিসগুলিতে গিয়েছে। কিন্তু, এই তালিকা যে দায়িত্বের সঙ্গে করা উচিত ছিল, তা হয়নি। শিক্ষকদের রেকর্ড রাখে মধ্যশিক্ষা পর্ষদ। স্কুল সার্ভিস কমিশনকে সেই কাজ করতে বলা হয়েছে, কারণ তারা সুপারিশ করে। সেখানে কিছু ভুল রয়েছে। অযোগ্য হিসেবে পরিচিত হয়েছে, তাঁর নামও চলে এসেছে। আবার যাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, তাঁদের নাম বাদ গিয়েছে। অনেকে স্কুল পরিবর্তন করেছিলেন, তাঁদের নামও বাদ গিয়েছে। ফলে একটা বড় অংশের শিক্ষক-শিক্ষিকার নাম নথিভুক্ত করা হয়।’

গত সোমবার থেকে চাকরিহারা শিক্ষকরা অবস্থান শুরু করেছিলেন স্কুল সার্ভিস দপ্তরের বাইরে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ওইদিন যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের কথা বলেছিলেন। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর তালিকা প্রকাশ করা হয়নি। যা নিয়ে তুমুল বিক্ষোভ দেখান শিক্ষকেরা। এই পরিস্থিতিতে ব্রাত্য বসু জানান, এভাবে তালিকা প্রকাশ সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *