কলকাতা- বিহারের খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৬৫ লক্ষের বেশি নাম। তার মধ্যে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতার নামও।
শনিবার সাংবাদিক বৈঠক করে এই চাঞ্চল্যকর দাবি করেছেন তেজস্বী যাদব। পাশাপাশি নির্বাচন কমিশনকে কটাক্ষ করে তাঁর প্রশ্ন, “এখন আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব কীভাবে?”
তেজস্বী বলেছেন, “আমরা শুরু থেকেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংসোধন প্রক্রিয়া (SIR) নিয়ে প্রশ্ন তুলছিলাম। শুরু থেকেই আমরা বলছিলাম যে, দরিদ্র ভোটারদের নাম মুছে ফেলা হবে। লক্ষ লক্ষ ভোটারের নাম মুছে ফেলা হয়েছে। ভোটার তালিকা থেকে যাদের নাম মুছে ফেলা হয়েছে তাদের নাম কেন মুছে ফেলা হয়েছে সে সম্পর্কে নির্বাচন কমিশন তথ্য দেবে। নির্বাচন কমিশন এটাই বলেছিল। ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়েছিল, কিন্তু এই তথ্য দেওয়া হয়নি। আমার নামও ভোটার তালিকায় নেই। আমি কীভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব?”
সাংবাদিক বৈঠকে মোবাইল দেখিয়ে তিনি বলেন, “ভোটার কার্ড নম্বর দিয়ে সার্চ করেও আমার কোনও তথ্য পেলাম না।” SIR-র সময় তিনি ফর্ম পূরণ করেছিলেন জানিয়ে তেজস্বী বলেন, “বুথ লেভেল অফিসার নিজে এসে আমার নথি নিয়ে যান।”
