কলকাতা- কালীগঞ্জ উপনির্বাচনে সবুজ ঝড়। জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। ৬৬ হাজারেরও বেশি ভোটে বিজেপি প্রার্থীকে ধরাশায়ী করলেন প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের কন্যা।
ফল ঘোষণার আগেই জয়ের অভিনন্দন জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি।’
সোমবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুল ভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ। আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাঁদেরও আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। সবার জন্য রইল আমার প্রণাম ও সালাম। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি।’
অন্যদিকে উপনির্বাচনের ফলাফল নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ‘এই নির্বাচন আমাদের ধর্তব্যের মধ্যে ছিল না।’
উল্লেখ্য, সাধারণত উপনির্বাচনের ফলাফল শাসক দলের অনুকূলেই থাকে। অন্যথা হয়নি কালীগঞ্জের ক্ষেত্রেও। তবে কালীগঞ্জের ফলাফল নিয়ে মাথা ঘামাতে নারাজ গেরুয়া শিবির। ওয়াকিবহাল মহলের মতে, ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচন তৃণমূল এবং বিজেপির জন্য বড় পরীক্ষা ছিল।
