কলকাতা – কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনায় তৃণমূলের নাম জড়িয়ে যাওয়ায় অস্বস্তিতে শাসকদল। এর মধ্যে দলের নেতা কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে শাসকদলের আরও অস্বস্তি বাড়ালেন টিএমসিপি নেত্রী রাজন্যা হালদার।
রাজন্যার অভিযোগ, এআইয়ের মাধ্যমে তাঁর নগ্ন ছবি তৈরি করে ছড়িয়েছে তৃণমূলের দাদারাই। এমনকী সেই ছবি রয়েছে কসবা গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত মনোজিতের মোবাইলেও।
রাজন্যার অভিযোগ, ২১শে জুলাইয়ের সমাবেশে বক্তৃতা দেওয়ার পর থেকেই দলের একাংশের কাছে তিনি চক্ষুশূল হয়েছিলেন। সোশ্যাল মিডিয়ার তাঁর পোস্টে অশ্লীল মন্তব্য করেছে তাঁরই দলের একাংশ।
তিনি দাবি করেন, এআইয়ের সাহায্যে নগ্ন ছবি তৈরি করে তৃণমূল ছাত্রপরিষদের দাদারা জুনিয়রদের দেখাতেন। রাজন্যার প্রশ্ন, “আমি যদি টুকরো টুকরোভাবে এত কিছু জানতে পারি, যারা বহু বছর ধরে সংগঠনের শীর্ষে রয়েছে, তারা জানত না?”
তাঁর মতে, দলের অন্দরে এক ধরনের ‘দাদা সংস্কৃতি’ গড়ে উঠেছে, যেখানে কিছু পুরুষ নেতার প্রভাব এতটাই বেশি যে তারা মেয়েদের সম্মান নিয়ে খেলতে দ্বিধা করে না।
