হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল, দলকে না জানিয়েই কালীগঞ্জে নিহত তামান্নার মায়ের সঙ্গে দেখা করতে যান!

কলকাতা – তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় কালীগঞ্জে নিহত শিশুর বাড়িতে টাকা দিয়ে যাওয়ায় ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরকে শো কজ করল তৃণমূল। তাঁকে ৩ দিনের মধ্যে শো কজের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার কালীগঞ্জের মোলান্দি গ্রামে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় নিহত শিশু তামান্না খাতুনের বাড়িতে যান প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির। যে গাড়িতে করে হুমায়ুন কবির সেখানে গিয়েছিলেন তার সামনে প্রেরণা নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার নাম লেখা ছিল।

নিহত তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে তিনি বলেন, ‘মানুষ হিসাবে আমি আপনার কাছে এসেছি।’ একথা বলে তাঁর হাতে একটি টাকাভর্তি খাম তুলে দিতে যান হুমায়ুন। টাকার কথা শুনেই ঘৃণাভরে তা প্রত্যাখ্যান করেন সাবিনা। জানান, আমার টাকা চাই না। আমার জমি আছে। আমি টাকা দিয়ে কী করব? আমি দোষীদের শাস্তি চাই। আমি ওদের ফাঁসি চাই। পুলিশ এখনও ওদের সবাইকে গ্রেফতার করেনি। এর পর তামান্নাদের বাড়ি ছেড়ে বেরিয়ে যান হুমায়ুন কবির। এই গোটা ঘটনা ঘটে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে। লাইভ সম্প্রচার হয় গোটা ঘটনা।

হুমায়ুন কবির দাবি করেন, তিনি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে সেখানে গিয়েছিলেন।

কেন তিনি দলকে না জানিয়ে তামান্না খাতুনের মাকে টাকা দিতে গিয়েছিলেন তা ৭২ ঘণ্টার মধ্যে জানাতে বলা হয়েছে তাঁকে।

হুমায়ুন কবিরকে শো কজ তৃণমূলের পিঠ বাঁচানোর চেষ্টা বলে দাবি করেছেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শংকর ঘোষ। তিনি বলেন, হুমায়ুন কবিরকে তৃণমূলই পাঠিয়েছে। তবে যে ভাবে তিনি সবার সামনে টাকা দেওয়ার চেষ্টা করেছেন তাতে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাই এখন তাঁকে শো কজ করে পিঠ বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল। পুরোটাই সাজানো খেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *