কলকাতা- এবার ওড়িশার কন্ধমলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত শীর্ষ মাওবাদী নেতা গণেশ উইকে। তাঁর মাথার দাম ছিল ১ কোটি ১০ লক্ষ টাকা।
গত মাসেই নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্ধ্রপ্রদেশের আলুরি সীতারামারাজুতে নিহত হয়েছিলেন মাওবাদী শীর্ষ নেতা মাডবী হিদমা। পর পর দুমাসে দুই শীর্ষ মাও নেতার মৃত্যুতে আরও নড়বড়ে পরিস্থিতি হল নকশালবাদী সংগঠন।
এদিন সকাল ৯টা নাগাদ ওড়িশার কন্ধমল জেলার জঙ্গলে মাওবাদীদের একটি দলকে ঘিরে ফেলে বিএসএফ এবং সিআরএফ জওয়ানরা। এরপর শুরু হয় ধুন্ধুমার গুলির লড়াই। তাতেই মৃত্যু হয় মোট চার জন মাওবাদীর। এই চার জনের একজন হলেন মাও সেন্ট্রাল কমিটির সদস্য গণেশ উইকে।
তেলেঙ্গানার নলগোন্ডা জেলার চেন্দুর মণ্ডলের পুল্লেমালা গ্রামের বাসিন্দা ছিলেন গণেশ উইকে। যদিও মাওবাদী সদস্যদের কাছে গণেশ পাক্কা হনুমন্তু, রাজেশ তিওয়ারি, চামরু এবং রুপা নামে পরিচিত ছিলেন তিনি।
