Darjeeling : এই প্রথম পাহাড়ে টয় ট্রেনের জন্মদিন পালন! সুকনায় ধুমধাম করে অনুষ্ঠানের আয়োজন করল রেল

কলকাতা – প্রথমবার টয় ট্রেনের জন্মদিন পালন , থিম “টয় ট্রেন”কে ঘিরেই একাধিক অনুষ্ঠান কর্মসূচি সুকনায়

দার্জিলিং হিমালয়ান রেলের ইতিহাসে প্রথমবার টয়ট্রেনের জন্মদিন উদযাপন হল ৷ ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ শিরোপা প্রাপ্ত দার্জিলিং হিমালয়ান রেল (DHR) এবং নর্থ বেঙ্গল পেইন্টার্স অ্যাসোসিয়েশন যৌথ উদ্যোগে ৪ জুলাই টয়ট্রেন দিবস পালন হল সুকনা রেল স্টেশনে ৷ দিনটিকে ‘টয়ট্রেন দিবস’ হিসেবেও উদযাপন করা হয় ৷

টয়ট্রেনের জন্মদিন উপলক্ষে একাধিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার ব্যবস্থা ৷ এই টয়ট্রেন দিবস পালনের মধ্যে দিয়ে আগামিদিনে পর্যটন ব্যবসাতেও জোয়ার আসবে বলে মনে করছেন দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ ৷

টয়ট্রেনের নামডাক সারা বিশ্বে ছড়িয়ে দিতে একাধিক উদ্যোগ নিয়েছে ডিএইচআর কর্তৃপক্ষ ৷ ১৮৭০ সালে ব্রিটিশ আমলে টয়ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছিল ৷ শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পাহাড়কে টয়ট্রেনের মাধ্যমে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।

৯ বছর পর ১৮৭৯ থেকে সেই কাজ শুরু হয় ৷ ১৮৮১ সালের ৪ জুলাই শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশে প্রথম টয়ট্রেনের চাকা গড়িয়েছিল ৷ আর সেই দিনটিকে মনে রেখেই এবার ৪ জুলাই টয়ট্রেনের জন্মদিন পালনের উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ ৷

শিলিগুড়ি সংলগ্ন সুকনা রেল স্টেশনে ‘টয়ট্রেন দিবস’ পালন করা হয় ৷ বসে আঁকো প্রতিযোগিতা, পোস্টার মেকিং, লাইভ আর্ট এবং চিত্র প্রদর্শনীর আয়োজন থাকছে ৷

সুকনা স্টেশনে টয়ট্রেনের জন্মদিন উপলক্ষে একাধিক স্কুলের কচিকাঁচারা ওই অনুষ্ঠানে যোগ দেয় ৷ নতুন গান বাঁধা হয় টয় ট্রেনকে ঘিরে। জন্মদিনে নতুন উপহার খেলনা গাড়িকে।

টয়ট্রেনের পরিষেবাকে আরও উন্নত করতে একাধিক উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ ৷ জয় রাইডের সংখ্যা বাড়ানো, আমেদাবাদ, বেঙ্গালুরু থেকে অত্যাধুনিক টয়ট্রেনের ইঞ্জিন নিয়ে আসা, প্রত্যেক স্টেশনের পরিকাঠামোগত উন্নয়ন করা, মিউজিয়াম ও ওয়ার্কশপগুলিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে ৷

তবে, তার থেকেও বেশি টয়ট্রেনকে ঘিরে এই ধরনের অনুষ্ঠান ও উৎসব পর্যটকদের আকৃষ্ট করবে বলে মনে করছেন ডিএইচআরের আধিকারিকরা ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *