কলকাতা- কেন্দ্রীয় শ্রম আইনের বিরোধিতায় বুধবার দেশজুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি।
১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের সঙ্গে এই বনধকে সমর্থন দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। সকাল থেকেই দেশজুড়ে বনধের প্রভাব লক্ষ্য করা গিয়েছে। ট্রেন, বাস অবরোধের চিত্রও ধরা পড়েছে একাধিক জায়গায়।
উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া, শ্যামনগর স্টেশনে ট্রেন অবরোধ করা হয়। ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। হুগলি স্টেশনে ঝান্ডা হাতে রেল লাইনে দাঁড়িয়ে পড়েন বনধ সমর্থনকারীরা। ফলে কিছুক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়।
ডোমজুড়ে বনধ সমর্থকদের সঙ্গে দফায় দফায় বচসায় জড়ায় পুলিশ। লরি, বাস আটকাতে গেলে পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জায়গায় বনধ সমর্থনকারীরা রাস্তায় নেমেছিলেন।
সকাল থেকে বনধের প্রভাব ছিল বিহারেও। জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বনধ সমর্থনকারীরা। জেহনাবাদ স্টেশনে রেল অবরোধ করা হয় । এই বনধের পাশাপাশি ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ার প্রতিবাদও জানানো হচ্ছে বিহারে। সেটিকে কেন্দ্র করে আন্দোলনে সামিল হয়েছে কংগ্রেস ও আরজেডি।
