কলকাতা হাইকোর্টের সামনে গায়ে আগুন দেওয়ার চেষ্টা দুই মহিলার! আদালত চত্বরে শোরগোল

কলকাতা : কলকাতা হাইকোর্টের সামনে গায়ে আগুন দেওয়ার চেষ্টা দুই মহিলার! এই নিয়ে মঙ্গলবার হইচই পড়ে যায় আদালত চত্বরে। পুলিশের তৎপরতায় বড় বিপদ এড়ানো গিয়েছে।

জানা গিয়েছে, ওই দুই মহিলার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকায়। সমবায় সমিতির সদস্যপদ থেকে নাম বাদ গিয়েছিল তাঁদের। ২০১৭ সালে সমবায় সমিতি তৈরি হয়। চলতি বছর ভোট হয় সেখানে। সেই ভোটের সময় বেশ কয়েকজন সদস্যের নাম বাদ পড়ে। ওই তালিকায় রয়েছেন এই দুই মহিলাও।

এই নিয়ে উচ্চ আদালতে মামলা করেন তাঁরা। আদালতের নির্দেশের পরও কোনও সুবিচার পাননি বলে অভিযোগ তুলে এদিন এই কাণ্ড ঘটান তাঁরা।

হাইকোর্টে মামলার পর ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, নতুন করে সদস্য তালিকা প্রকাশ করতে হবে। মহিলাদের দাবি, সমবায় সমিতি তা করেনি। অভিযোগ, ওই সমবায় সমিতি অনেকদিন ধরে চড়া সুদের আশ্বাস দিয়ে টাকা নিয়েছে। এখন সেই টাকা আর ফেরত দিচ্ছে না।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন আচমকা মহিলা ব্যাগ থেকে কেরোসিন তেল ভর্তি বোতল বের করে গায়ে ঢালতে শুরু করেন। তা দেখে চিৎকার করেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশের তৎপরতায় অঘটন এড়ানো গিয়েছে। তাঁদের নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *