কলকাতা- নির্ধারিত সময়ের আগেই রাজ্যে কার্যকর হতে চলেছে ‘যুবসাথী’ প্রকল্প। ১৫ অগাস্ট নয়, ১ এপ্রিল থেকেই কার্যকর হবে এই প্রকল্প।
এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্য সরকারের এই নতুন প্রকল্পের মূল লক্ষ্য যুবসমাজের ক্ষমতায়ন। ‘যুবসাথী’ প্রকল্পের আওতায় নথিভুক্ত যুবক-যুবতীরা আগামী ৫ বছর পর্যন্ত প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
এই নির্দিষ্ট ভাতা শিক্ষিত বেকারদের কিছুটা হলেও স্বস্তি দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে রাজ্যজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্র অর্থাৎ ২৯৪টি কেন্দ্রে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।
ছুটির দিন বাদে সপ্তাহের প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ক্যাম্পগুলি খোলা থাকবে। যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট সেন্টারে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন এবং প্রকল্প সংক্রান্ত যে কোনো তথ্য জানতে পারবেন।
সাধারণত সরকারি প্রকল্পের ক্ষেত্রে একটি সুবিধা নিলে অন্যটি পাওয়া যায় না— এমন নিয়ম থাকলেও ‘যুবসাথী’র ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। স্পষ্ট জানানো হয়েছে, কোনো ছাত্র বা ছাত্রী যদি আগে থেকেই কোনো স্কলারশিপ বা শিক্ষা বৃত্তি পেয়ে থাকেন, তবে সেটি ‘যুবসাথী’ প্রকল্পের পথে বাধা হয়ে দাঁড়াবে না। তবে বৃত্তি ছাড়া অন্য কোনও প্রকল্পের সুবিধা পেলে মিলবে না এই ভাতা।
