কলকাতা- পরের মাস থেকেই আমূল বদলে যাবে আধার কার্ডের ডিজাইন। UIDAI ডিসেম্বরের শেষেই নতুন আধার কার্ড আনবে। সংস্থার সিইও ভুপেশ কুমার এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন।
আধার কার্ডের নতুন ডিজাইনে নাগরিকদের নাম, ঠিকানা, ব্যক্তিগত তথ্য থাকবে না। থাকবে শুধু ছবি এবং একটি QR কোড। ওই QR কোডেই লুকনো থাকবে নাগরিকের যাবতীয় তথ্য। সেটি স্ক্যান করার জন্য আবার ব্যবহার করতে হবে নতুন আধার অ্যাপ। বর্তমানে যে mAdhar অ্যাপ আছে, সেটির বদলে নতুন ওই আধার অ্যাপ আনা হবে।
UIDAI বলছে, আধার কার্ডের মাধ্যমে অফলাইন ভেরিফিকেশন বা তথ্যচুরি রুখতে এই সিদ্ধান্ত। অনেক ক্ষেত্রে দেখা যায় হোটেল, ইভেন্ট অর্গানাইজার বা সংস্থা আধার কার্ডের তথ্য সংগ্রহ করে। সেই তথ্যের কোনও নিরাপত্তা থাকে না। অথচ আধার আইন অনুযায়ী অফলাইনে পরিচয়পত্র হিসাবে এভাবে আধার কার্ডের তথ্য সংগ্রহ করা যায় না।
