কলকাতা- উন্নাও ধর্ষণ কাণ্ডে বহিষ্কৃত বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গারকে বড়সড় স্বস্তি দিল দিল্লি হাইকোর্ট।
মঙ্গলবার শীর্ষ আদালত সেঙ্গারের ১০ বছরের কারাদণ্ডের সাজা স্থগিত করেছে। তবে এখনই মুক্তি পাচ্ছেন না তিনি। এদিন দিল্লি হাইকোর্টের বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদ এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়েছে।
উন্নাও ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে জেলে ছিলেন কুলদীপ। ২০২০ সালে দিল্লির তিস হাজারি আদালত তাঁকে দশ বছরের কারাবাসের নির্দেশ দিয়েছিল। তবে এদিন কুলদীপের সাজা স্থগিত করলেও বেশকিছু শর্ত আরোপ করেছে ডিভিশন বেঞ্চ।
নির্দেশ অনুযায়ী, কুলদীপকে দিল্লিতেই থাকতে হবে। রাজধানী ছেড়ে তিনি অন্য কোথাও যেতে পারবেন না। পাশাপাশি নির্যাতিতার বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে তিনি ঢুকতে পারবেন না। কুলদীপকে তাঁর পাসপোর্ট এবং ১৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড জমা দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট।
চাকরি দেওয়ার নামে ডেকে এনে উন্নাওয়ের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে সেই সময় উত্তরপ্রদেশের বাঙ্গেরমউ কেন্দ্রের চারবারের বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার ও তাঁর সহযোগী শশী সিংহের বিরুদ্ধে।
২০১৮ সালের ১৩ এপ্রিল কুলদীপকে গ্রেপ্তার করে পুলিশ। কিছুদিনের মধ্যে তাঁকে দল থেকে বহিষ্কার করে বিজেপি। পুলিশের চার্জশিটের ভিত্তিতে পকসো আইনে একাধিক ধারায় মামলা দায়ের হয়। এর পর তাঁকে ১০ বছরের কারাবাসের নির্দেশ দেয় আদালত।
