ভারতীয় রেলের নতুন মাইলফলক, ১৮০ কিমি স্পিডে ছুটল বন্দে ভারত স্লিপার, উপচে পড়ল না গ্লাসের একফোঁটা জল!

কলকাতা- অপেক্ষার অবসান। অবশেষে ছুটল বন্দে ভারত স্লিপার ট্রেন। রাজস্থানের কোটা থেকে মধ্যপ্রদেশের নাগদা সেকশনে ট্রায়াল রানে ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিতে ছুটে নজির গড়ল এই অত্যাধুনিক ট্রেন।

মঙ্গলবার সেই পরীক্ষার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সাফল্যের কথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাহলে কী নতুন বছরেই সাধারণ মানুষের জন্য এই ট্রেনের দরজা খুলে দেওয়া হবে? এবার এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে যাত্রীদের মধ্যে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজের এক্স হ্যান্ডেলে সফল পরীক্ষার একটি ২৪ সেকেন্ডের ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘রেলওয়ে নিরাপত্তা কমিশনার বন্দে ভারত স্লিপারের ট্রায়াল রান পরিদর্শন করেছেন। কোটা-নাগদা সেকশনে ট্রেনটি ১৮০ কিমি/ঘন্টা বেগে ছুটেছে। ‘ওয়াটার-টেস্ট’-এ এই নতুন প্রজন্মের ট্রেনটির প্রযুক্তিগত দক্ষতা প্রমাণিত হয়েছে।’

ট্রেনের গতি ১৮২ কিমি/ঘন্টা বেগে পৌঁছাতে দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে, ট্রেনটি যখন ১৮২ কিমি স্পিডে ছুটছে, তখন একটার উপর আরেকটা গ্লাস রয়েছে। তবে সবথেকে অবাক করা বিষয় হল, সেই সময় কোনও গ্লাস থেকেই জল পড়ছে না। এই তথাকথিত ‘ওয়াটার টেস্ট’ কার্যত প্রমাণ করে দিল, উচ্চগতির মাঝেও ট্রেনটির স্থিতিশীলতা ও প্রযুক্তিগত উৎকর্ষ কতটা উন্নত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *