কলকাতা- বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহ প্রয়াত। ‘সারাভাই ভার্সেস সারাভাই’ খ্যাত অভিনেতার আকস্মিক প্রয়াণে শোকের ছায়া বলিউডে। অভিনেতার মৃত্যুর খবর জানিয়েছেন পরিচালক অশোক পন্ডিত।
মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৪ বছর। কিডনি সংক্রান্ত সমস্যায় বহুদিন ধরেই ভুগছিলেন অভিনেতা। শনিবার চিরঘুমের দেশে পাড়ি দিলেন তিনি।
সতীশের অভিনয় জীবন চার দশকেরও বেশি। টেলিভিশন এবং বড়পর্দায়, দুই মাধ্যমেই সমানতালে অভিনয় করেছেন তিনি। ১৯৮৩ সালে ‘জানে ভি দো ইয়ারো’তে সতীশের অভিনয় বিপুল প্রশংসিত হয়। তখন থেকেই পরিচিতি পেতে শুরু করেন তিনি।
সতীশের কেরিয়ারের অন্যতম কাজ ‘সারাভাই ভার্সের সারাভাই’ ধারাবাহিকে শাহের চরিত্রে অভিনয়। তাঁর অভিনীত চরিত্রটি টেলিভিশনের অন্যতম আইকনিক চরিত্রগুলির মধ্যে একটি। ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’তেও সতীশের অভিনয় প্রশংসা পায়।
‘হাম সাথ-সাথ হ্যায়’, ‘ম্যায় হুঁ না’, ‘কাল হো না হো’, ‘কভি হ্যায় কাভি না’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, এবং ‘ওম শান্তি ওম’-এর মতো জনপ্রিয় হিন্দি ছবিতে সতীশের অভিনয় দর্শকের মনে থেকে গিয়েছে। এ ছাড়াও ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘কহো না প্যায়ার হ্যায়’-সহ একাধিক ছবিতে কাজ করেছেন তিনি।
