পাইলটই সেদিন জ্বালানির স্যুইচ বন্ধ করেছিলেন! এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় চাঞ্চল্যকর দাবি মার্কিন সংস্থার

কলকাতা- এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানের সিনিয়র পাইলট ক্যাপ্টেন সুমিত সবরওয়ালই জ্বালানির স্যুইচ বন্ধ করে দিয়েছিলেন! এমনই চাঞ্চল্যকর দাবি করেছে একটি মার্কিন সংবাদ মাধ্যম। ব্ল্যাক-বক্স রেকর্ডিং এবং অন্য তথ্য বিশ্লেষণ করে এমন দাবি করেছে তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, সহকারী পাইলট তথা ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ক্যাপ্টেন সুমিত সবরওয়ালকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি কেন বিমান ওড়ার কিছুক্ষণ পরই জ্বালানির স্যুইচ বন্ধ করেছেন? এরপর ফার্স্ট অফিসার আতঙ্কিত হয়ে পড়েন, যদিও শান্তই ছিলেন ক্যাপ্টেন। ওই মার্কিন সংবাদ মাধ্যম এমন দাবি করলেও তা কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে প্রশ্ন উঠছে। বোয়িংয়ের বিমানের খামতি ঢাকতেই পাইলটের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে কি না, অনেকে এমন প্রশ্নও তুলছেন।

১২ জুন আহমেদাবাদে দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। বিমানটিতে ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। কী কা॥রণে এই দুর্ঘটনা, কয়েক সপ্তাহ ধরে এনিয়ে জল্পনা চলছিল। অনেকে দাবি করেন, ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি বা রক্ষণাবেক্ষণে খামতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। সম্প্রতি এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন বলেছেন, ‘প্রাথমিক রিপোর্টে দুর্ঘটনাগ্রস্ত বিমান বা এর ইঞ্জিনে কোনও যান্ত্রিক ত্রুটির প্রমাণ মেলেনি। এমনকি রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কোনও সমস্যাও পাওয়া যায়নি। সমস্ত প্রক্রিয়া মেনে রক্ষণাবেক্ষণ হয়েছে।’

কয়েকদিন আগে এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের জ্বালানির স্যুইচ কোনওভাবে বন্ধ হয়ে গিয়েছিল। যার জেরে এই ভয়াবহ দুর্ঘটনা। স্যুইচ বন্ধ করার জন্য এবার ক্যাপ্টেন সুমিত সবরওয়ালকেই দায়ী করল মার্কিন সংবাদ মাধ্যম। যদিও একারই ৮,২০০ ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল ক্যাপ্টেন সুমিত সবরওয়ালের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *