কলকাতা- গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। এমন আবহে এবার জল পরিষেবা বন্ধ! আবার হাওড়া পুরসভা এলাকায় বহুক্ষণের জন্য বন্ধ থাকতে চলেছে জল পরিষেবা। এই খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। কিছুদিন আগেই এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। আবার এমন কেন হল?
কবে থেকে জল মিলবে না? হাওড়া পুরসভা সূত্রে খবর, আগামী শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত হাওড়া শহরজুড়ে বিশাল এলাকায় বন্ধ রাখা হবে জল সরবরাহ। হাওড়া পুরসভার পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী সেক্ষেত্রে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকবে জল সরবরাহ। কিছু মেরামতের কাজ চলবে। আর তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই খবর শুনে চাপে পড়ে গিয়েছেন হাওড়া পুরসভা এলাকার বাসিন্দারা। কারণ জল না মিললে চলবে কেমন করে! যদিও রাজ্যজুড়ে জলসংকট মেটাতে এখন হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে নবান্ন। সেখানে ফোন করলে জল সমস্যার সমাধান হবে মুহূর্তে।
জরুরি কিছু পাইপলাইনের কাজ করতে হবে বলেই জল সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে হাওড়া পুরসভা। আর তার জন্য বিজ্ঞপ্তি জারিও করেছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাওড়ার ২২ নম্বর ওয়ার্ডের নটবর পাল রোড এবং ইস্ট ওয়েস্ট রোডের মধ্যে সংযুক্ত জলের পাইপলাইন ও ড্রেনেজ ক্যানেল রোড এবং কামারডাঙা রোডের মধ্যে সংযুক্ত পাইপ লাইনে কিছু সমস্যা দেখা দিয়েছে। সেটা মেরামত থেকে শুরু করে যুক্ত করার কাজ চলবে। আর তাই আগামী শনিবার ২৬ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে শুরু করে পরদিন রবিবার ২৭ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত গোটা হাওড়া পুরসভা এলাকার ১ থেকে ৫০ নম্বর ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ থাকবে।
