সকাল থেকে রোদ, আজ থেকেই কি দুর্যোগ কমবে বাংলায়? জানিয়ে দিল হাওয়া অফিস

কলকাতা – সপ্তাহখানেক ধরে যে বৃষ্টি চলছিল তা কমেছে অনেকটাই। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তা সরে গেছে।

দক্ষিণ ঝাড়খণ্ড এবং তার সংলগ্ন অঞ্চলের দিকে সরে গিয়েছে সেই নিম্নচাপ। এর ফলে বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কমল। তবে হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

শুক্রবার ১১ জুলাই যেমন মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

১২ জুলাই শনিবার কোনও জেলায় সতর্কতা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, ১৩ জুলাই পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার আগামী সপ্তাহে ১৫ জুলাই অর্থাৎ মঙ্গলবার দুই ২৪ পরগনা এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামী সপ্তাহের শুরুতেই অর্থাৎ ১৪ জুলাই থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে আবার বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *