তুষারপাতে বর্ষবরণ! শীতে কাঁপবে বাংলা, ২০২৬-এর শুরুতে কেমন আবহাওয়া থাকবে রাজ্যে, জেনে নিন

কলকাতা- শীতের ঝোড়ো ইনিংস! ঠান্ডায় কাঁপছে বাংলা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত রাজ্যে শীতের দাপট বজায় থাকলেও নতুন বছরের শুরুতেই আবহাওয়া ভোল কিছুটা বদলাতে পারে।

কলকাতার তাপমাত্রার পারদ ক্রমশ ওঠানামা করছে। পরপর দু’দিন ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার পর ফের ১৩ ডিগ্রি সেলসিয়াসে কলকাতার তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ও১৩.৫ ডিগ্রি, স্বাভাবিকের তুলনায় সামান্য কম। আজ, সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার থেকে কিছুটা চড়তে পারে তাপমাত্রার পারদ। বছরের শেষে বা নতুন বছরের শুরুতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা প্রবল। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়লে পরিষ্কার হবে আকাশ। আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে শহরে। হাওয়া অফিস আরও জানিয়েছে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতায়।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজায় থাকবে শীতের আমেজ। বাঁকুড়া, পুরুলিয়া বা বীরভূম-সহ পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ৩১ ডিসেম্বর থেকে পারদ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হলেও বড়সড় পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *