কলকাতা- শীতে কাঁপছে বাংলা। সকাল থেকেই ঠান্ডা হাওয়া, রোদের দেখা নেই। তবে এখনই জাঁকিয়ে ঠান্ডা না পড়লেও কুয়াশার দাপট থাকবে বঙ্গে।
উত্তরবঙ্গের পার্বত্য এলাকা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া আপডেট দিল আবহাওয়া দপ্তর?।
উত্তর-পশ্চিম ভারতে দুটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। সেই সঙ্গে জম্মু-কাশ্মীর থেকে নেপাল পর্যন্ত এবং আরব সাগরের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরে উত্তর ভারত থেকে আসা ঠান্ডা হাওয়া রাজ্যে ঢুকতে বাধা পাচ্ছে। ফলে বড়দিনের আগে আবহাওয়া মনোরম থাকলেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে বেশ মনোরম আবহাওয়া থাকবে। পাহাড়ে পারদ ঘোরাফেরা করছে ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বড়দিনের আগে পারদ পতন হলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এছাড়া কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিলেও বেলা বাড়ার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে। পশ্চিমের জেলাগুলোতে রাতের তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে।
