কলকাতা- বাংলায় অব্যাহত বৃষ্টি। নাজেহাল রাজ্যবাসী। হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার জেরে বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে বঙ্গে। তাই আপাতত এই অবস্থাই থাকবে আবহাওয়ার। বৃহস্পতিবারও বৃষ্টিতে ভাসবে বাংলার একাধিক জেলা।
আবহাওয়া দফতরর সূত্রে খবর, বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ওই চার জেলায় রয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে কোচবিহারে। বাকি জেলাগুলিতেও রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। শুক্র, শনি এবং রবিবারও ভারী বৃষ্টি চলবে উত্তরের একাধিক জেলায়। ফের সোমবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে।
অন্যদিকে, বৃহস্পতিবার দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়়া, পূর্ব বর্ধমান এবং নদিয়ায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে শুক্রবারও ভারী বৃষ্টি চলবে। তারপর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। উঠতে পারে রোদ।
