কলকাতা- দক্ষিণবঙ্গে গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলিতে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে কলকাতা-সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও দুই মেদিনীপুরে।
অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘন্টা রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। ইতিমধ্যে আলিপুর হাওয়া অফিসের তরফে হলুদ সর্তকতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায়।
আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এবং কালিংপং এই পাঁচ জেলাতে আগামী ৪৮ ঘন্টা বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পার্বত্য এলাকা অর্থাৎ দার্জিলিং এবং কালিংপং এ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় অনেকটাই নামবে পারদ। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
