কলকাতা – সপ্তাহের শেষে যে পারদ পতন হতে পারে, সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। সেইমতো ক্রমশ পারদ পতন হচ্ছে বঙ্গে। আগামী দু’দিন আবহাওয়া এমনই থাকবে বলে জানাল আবহাওয়া দপ্তর।
এ বছর শীতকাল যে দীর্ঘমেয়াদি হওয়ার সম্ভাবনা রয়েছে, সে কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই মতো নভেম্বর পড়তেই আবহাওয়া ঠান্ডা হতে শুরু করেছে।
উত্তরবঙ্গে ইতিমধ্যে তাপমাত্রা বেশ কিছুটা কম হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘমুক্ত আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরের পার্বত্য জেলাগুলিতে রবিবারের মধ্যে তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। সমতল অঞ্চলের তাপমাত্রাও ১৩ থেকে ১৪ ডিগ্রির আশেপাশে থাকবে।
অন্যদিকে, আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রায় বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলা ভেদে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পতন হতে পারে। সোমবার রাতের মধ্যে কলকাতার তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে নামতে পারে। পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা বেশ কিছুটা কম হয়েছে।
