কলকাতা- গোটা সপ্তাহে রাজ্যে জারি থাকবে বৃষ্টি , এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। বঙ্গোপসাগরে দানা বেঁধেছে নিম্নচাপ। সেটি শক্তি বাড়িয়েছে। তার জেরেই ঝড়বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়।
আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। বৃহস্পতিবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত এই আবহাওয়াই জারি থাকবে জেলাগুলিতে।
দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। শুক্র ও শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া জেলায়।
উপকূল ও পশ্চিমের জেলাগুলির জন্য বিশেষ সতর্কতার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা।
