দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা! রথে কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন

কলকাতা- সকাল থেকেই বৃষ্টি। ভিজছে বাংলার শহর থেকে গ্রাম। মেঘে ঢেকেছে আকাশ। আজ দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার রথযাত্রা। কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল আবহাওয়ার আপডেট। 

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী সাতদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে ভারী সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

শুক্রবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। তবে কোনও সতর্কতা নেই। 

আজ উত্তরবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার জলপাইগুড়ি ছাড়া কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *