কলকাতা- পুজোর পরই কি বাংলায় SIR শুরু হবে? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়ালের নির্দেশ ঘিরে এই নিয়ে জল্পনা।
রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনের আবেদনপত্র (এনুমারেশন ফর্ম) ছাপানোর জন্য প্রস্তুতি নিতে বললেন সিইও। রাজ্যে মোট ভোটারের দ্বিগুণ ফর্ম ছাপানো হবে।
সিইও দফতর সূত্রে খবর, প্রায় ১৫ কোটি ফর্ম ছাপানো হবে। এত সংখ্যক ফর্ম একটি নির্দিষ্ট জায়গা থেকে ছাপানো সম্ভব নয়। তাই কোন কোন জেলায় ফর্ম ছাপানো যাবে, সেই তথ্য জানতে চাইল সিইও দফতর।
সিইও দফতর জানিয়েছে, কোনও জেলায় ফর্ম ছাপানোর পরিস্থিতি না থাকলে কলকাতা থেকেই ছাপিয়ে ফর্ম পাঠানো হবে। সিইও দফতর সূত্রে খবর, রাজ্যে এখন প্রায় ৭.৬৫ কোটি ভোটার রয়েছেন। তার দ্বিগুণ সংখ্যক ফর্ম ছাপানো হবে।
পুজোর আগে SIR নিয়ে রাজ্যের বাকি থাকা ৭৫ হাজার বুথ লেভেল অফিসারের প্রশিক্ষণ দেওয়া হবে। সিইও দফতর জানিয়েছে, ইআরও এবং এইআরও-রা বিএলও-দের প্রশিক্ষণ দেবেন। ২১-২২ সেপ্টেম্বরের মধ্যে ওই প্রশিক্ষণের কাজ শেষ করতে বলা হয়েছে।
