ভোটের মুখে স্ক্রিন টাইমজুড়ে শুধু তৃণমূল আর সিপিআইএম! প্রতীক উর, সৃজনদের সৌজন্যে বিজেপি ‘হাওয়া’!

কলকাতা- ভোটের মুখে বাংলার রাজনীতিতে ভেসে উঠল সিপিএম! সৌজন্যে প্রতীক উর রহমান।

তাঁর দলত্যাগ ও সম্ভাব্য দলবদল নিয়ে বিস্তর জল্পনা চলছে সোশ্যাল মিডিয়ায়। তাতেই রাজ্য রাজনীতির চিত্রনাট্যে মেগা-সিরিয়ালের মতো বদল এসেছে।

হঠাৎ করেই বিজেপি-তৃণমূলের বাইনারির স্থান নিচ্ছে সিপিএম ও তৃণমূলের লড়াই। টেলিভিশন বা সংবাদমাধ্যমের ক্ষেত্রে তো বটেই।

সিপিএমের এক রাজ্য কমিটির সদস্য তাই ঠাট্টা করে বলছেন, ‘শেষ তিনদিন ধরে এত ফোন ধরেছি, সে আর বলার নয়। হঠাৎ যেন মিডিয়ার আগ্রহ বেড়ে গিয়েছে আমাদের নিয়ে।’

সিপিএমের সমর্থকরা তো ফেসবুকে লিখছেন, এখন সিপিএমের নেতারা হাঁচলে-কাশলেও মিডিয়ার লোকেরা সেটা নিয়ে খবর করছে, এটা তো বড় বিষয়।

নিন্দুকরা আড়ালে এটাও বলতে ছাড়ছেন না, আসলে প্রতীক উরের দলত্যাগের চিঠি, সেই নিয়ে তোলপাড় হওয়াটা আসলে পাবলিসিটি স্টান্ট। ভোটের আগে আবারও মানুষের মনে বামপন্থীরা কতটা জাগ্রত, সেটা ঝালিয়ে নেওয়া যাচ্ছে।

তবে যাই হোক না কেন, হঠাৎ করেই স্ক্রিন-টাইম পাচ্ছেন সিপিএমের নেতারা, আরও বেশি করে পার্টির কথা, অবস্থানের কথা বলতে পারছেন। মহম্মদ সেলিমের মতো কোনও-কোনও নেতা কলার খোসা দেখিয়ে বিতর্কও বাড়াচ্ছেন।

ভোটের মুখে যে কোনও রাজনৈতিক দল চায় খবরে থাকতে। তবে আসনের বিচারে বিজেপি অনেকটাই এগিয়ে। স্বাভাবিকভাবে শাসক দলের পর গেরুয়া শিবিরের রাজনৈতিক গ্রহণযোগ্যতা অনেক বেশি। এতদিন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের মতো নেতারা খবরে থাকতেন। হঠাৎ সেই জায়গা দখল করছেন সিপিআইএম নেতারা।

এদিকে, বৃহস্পতিবারই কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। এমন ঘটনাও ছাপিয়ে গিয়েছে সিপিআইএম-এর প্রতীক উরের দলবদলের সম্ভাবনার খবর।

প্রতীক উর কী করছেন, কী বলছেন, কোন দলে যাচ্ছেন, তা নিয়ে তৃণমূল কী বলছে, এসবই চলছে টিভির পর্দাজুড়ে। লাভ হচ্ছে লাল শিবিরের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *