বড়দিনে সুখবর! ডিসেম্বরের শেষে শীত ফিরল মেজাজে, কতদিন থাকবে ঠান্ডা? জানিয়ে দিল হাওয়া অফিস

কলকাতা- বড়দিনে জাঁকিয়ে শীত বঙ্গে! ডিসেম্বরের শেষে এসে অবশেষে স্বমহিমায় ফিরল শীত।

বড়দিন এবং বর্ষবরণের মুখে রাজ্যবাসীর জন্য সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই উত্তুরে হাওয়ার পথ পরিষ্কার হয়েছে। ফলে আগামী কয়েক দিনে এক ধাক্কায় পারদ নামবে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের প্রকোপ বেশ ভালই লক্ষ্য করা যাচ্ছে। পাহাড়ের জেলাগুলিতে বিশেষ করে দার্জিলিংয়ের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পাহাড় ও সমতলের জন্য প্রধান দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে কুয়াশা।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী ৪৮ ঘণ্টা ঘন কুয়াশার ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। তবে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই, আবহাওয়া পুরোপুরি শুষ্ক থাকবে।

দক্ষিণবঙ্গেও শীতের আমেজ। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে।

পশ্চিমের জেলাগুলিতে যেমন পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে শীতের দাপট তুলনায় বেশি। সেখানে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে।

হাওয়া অফিস জানিয়েছে, ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিন থেকে শীতের দাপট আরও বাড়বে। বছরের শেষ ক’টি দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *