একসময়ের বিশ্বচ্যাম্পিয়নরা ভারতের মাটিতে হোয়াইট ওয়াশ! দীপাবলির আগে ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য উপহার

কলকাতা – ওয়েস্ট ইন্ডিজকে ২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করল ভারতীয় ক্রিকেট দল। সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল।

এই ম্যাচে টিম ইন্ডিয়া ৭ উইকেটে জয়লাভ করেছে। পাশাপাশি অধিনায়ক হিসেবে শুভমান গিলের মুকুটে আরও একটি সাফল্যের পালক যুক্ত হল।

টস জিতে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে তারা ৫ উইকেট হারিয়ে ৫১৮ রান তুলেছিল। ভারতীয় ব্যাটারদের মধ্যে শতরান করেন যশস্বী জয়সওয়াল (১৭৫) এবং শুভমান গিল (১২৯*)।

উইন্ডিজ বোলারদের মধ্যে জোমেল ওয়ারিকন তিনটে উইকেট শিকার করলেও, কাজের কাজ তিনি কিছু করতে পারেননি। প্রথম ইনিংসে ক্যারিবিয়ান ব্যাটিং ব্রিগেড কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। ২৪৮ রানে তারা অলআউট হয়ে যায়।

এর পর টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজকে ফলো-অন করানোর সিদ্ধান্ত নেয়। ভারত ভেবেছিল যে হাতে যা রান রয়েছে, তাতে হয়তো তাদের আর ব্যাট করতে হবে না। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই একেবারে ভোল বদলে যায় ক্যারিবিয়ান ব্রিগেডের।

জন ক্যাম্পবেল এবং শাই হোপের শতরান, গোটা ম্য়াচের অঙ্ক একেবারে বদলে দেয়। ১৯৯ বলে ১১৫ রান করেন ক্যাম্পবেল। তিনি ১২ বাউন্ডারি এবং ৩ ছক্কা হাঁকান। অন্যদিকে, ২১৪ বলে ১০৩ রান করেন শাই হোপ। তিনিও ১২ বাউন্ডারি এবং ২ ছক্কা হাঁকান।

পাশাপাশি জাস্টিন গ্রিভস অপরাজিত ৫০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন। শেষপর্যন্ত ৩৯০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। টিম ইন্ডিয়াকে তারা জয়ের জন্য ১২১ রানের টার্গেট দেয়। সবথেকে বড় কথা, একটা মৃতপ্রায় ম্যাচকে যে তারা পঞ্চম দিন পর্যন্ত টেনে আনলেন, এর থেকে বড় সাফল্য আর কীই বা হতে পারে!

টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় টিম ইন্ডিয়া। মাত্র ৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান যশস্বী জয়সওয়াল। এরপর দলের হাল ধরেন কেএল রাহুল এবং সাই সুদর্শন। দ্বিতীয় উইকেটে তাঁদের মধ্যে ৭৯ রানের পার্টনারশিপ গড়ে ওঠে।

ম্যাচের পঞ্চম দিন সুদর্শন শেষপর্যন্ত ৩৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। দ্বিতীয় ইনিংসে খুব বেশি রান করতে পারলেন না অধিনায়ক গিলও। মাত্র ১৩ রান করে তিনিও আউট হয়ে গেলেন। অবশেষে ব্যাট করতে নামেন ধ্রুব জুরেল। রাহুলের সঙ্গে জুটি বেঁধে তিনিই ম্যাচ শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *