প্রেমঘটিত ব্যাপার নয়! দক্ষিণেশ্বরে ছাত্রকে ছুরি মারার আসল কারণ কী? জানাল পুলিশ

কলকাতা – দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে খুনের ঘটনায় অভিযুক্ত রানা সিংকে জিজ্ঞাসা করে পুলিশ জানতে পেরেছে, সে সবসময় ব্যাগে ছুরি রাখত। ধৃতকে আজ শনিবার আদালতে পেশ করা হবে। 

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানিয়েছে, শুক্রবার ঘটনার দিন যখন সে মনোজিৎ এবং অন্যান্য পড়ুয়াদের সঙ্গে শ্যামবাজার মেট্রো স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল তখন মনোজিৎ তাকে জিজ্ঞাসা করে সে খৈনি খাবে কি না? রানার দাবি, সে না করলে মনোজিৎ তাকে অশ্লীল ইঙ্গিত করে।

রানা সেটা দেখে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে এবং মনোজিতের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। কিন্তু ট্রেন চলে আসায় তারা সবাই দক্ষিণেশ্বরগামী ট্রেনে উঠে পড়ে। এরপর ট্রেনের মধ্যেও তার সঙ্গে মনোজিতের হাতাহাতি হওয়ার উপক্রম হয়। কিন্তু সঙ্গী পড়ুয়া এবং কামরার অন্য যাত্রীদের হস্তক্ষেপে সেটা আর গড়াতে পারেনি। 

এরপর যখন দক্ষিণেশ্বরে নামে তখন ফের শুরু হয় গোলমাল এবং সেখান থেকে হাতাহাতি। এরপরেই রানা রাগের মাথায় মনোজিতকে ব্যাগ থেকে ছুরি বের করে চালিয়ে দেয়। ছুরির কোপে বুকে গুরুতর আঘাত পায় মনোজিত।

বাকিরা যখন মনোজিতের শুশ্রুষায় ব্যস্ত ছিল তখন সেই সুযোগে ঘটনাস্থল থেকে রানা পালিয়ে বরানগর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে তার বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে সে গোটা ঘটনার কথা খুলে বলে। অভিযোগ, পরিবারের একজনের পরামর্শে সে নিজের মোবাইল ফোন সুইচ অফ করে দেয়। এরপর ছুরিটি বাড়ির মধ্যেই একটি নর্দমার মধ্যে ফেলে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *