‘এই দলকে আমি সব দিয়েছি’, ট্রফি জিতে আবেগঘন বিরাট কোহলি! বলে দিলেন মনের কথা

কলকাতা- সতেরো বছরের অপেক্ষা শেষে শাপমোচন। আঠারোতম আইপিএলে চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। আর দলকে জিতিয়েই আবেগঘন বার্তা বিরাট কোহলির। টুর্নামেন্টের জন্মলগ্ন থেকে তিনি আরসিবির হয়ে খেলছেন, দলকে নেতৃত্বও দিয়েছেন। কিন্তু ট্রফি জেতার সুযোগ হয়নি। একদিনের বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও এতদিন আইপিএল ট্রফিটা অধরা ছিল কিং কোহলির। অবশেষে মঙ্গলবার এল স্বপ্নপূরণের সেই রাত। পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএল জিতল আরসিবি। ম্যাচের পর কান্নায় ভেঙে পড়েন কোহলি।

পরে তিনি বলেন, ‘এই জয় আমার জন্য যতটা গুরুত্বপূর্ণ, ততটাই আরসিবির জন্য। ১৭ বছর বিরাট সময়। আমি দলকে আমার যৌবন, সেরা সময়, অভিজ্ঞতা সব দিয়েছি। প্রতি বছর অপেক্ষা করেছি। ট্রফি জিততে চেয়েছি। কখনও ভাবিনি, দিনটা সত্যি হবে।’

বিরাটের সংযোজন, ‘আমি সবসময় আরসিবির কাছে বিশ্বস্ত থাকতে চেয়েছি। পরিস্থিতি যেমনই হোক না কেন, আমি দলের পাশে থেকেছি। দলও আমার পাশে থেকেছে। আমার হৃদয়ে আরসিবি। তাই এই জয়টা স্পেশাল। শেষদিন পর্যন্ত এই দলের সঙ্গে থাকতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *