কলকাতা- ভারতীয় দলের ক্যাপ্টেন্সি থেকে সরানো হল রোহিত শর্মাকে। এবার থেকে একদিনের ক্রিকেটে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন শুভমান গিল।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে গিলকে নেতৃত্বে আনা হয়েছে। গিলের অধিনায়কত্বে অস্ট্রেলিয়ায় তিনটি ওয়ানডে ম্যাচে খেলবে ভারত। সেই দলে রয়েছেন হিটম্যানও।
রোহিতকে সরানো নিয়েই এখন চর্চা চলছে ভারতীয় ক্রিকেটে। কেন তাঁকে সরানো হল, শনিবার তাঁর ব্যাখ্যা দিয়েছে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।
আহমেদাবাদে সাংবাদিক বৈঠকে প্রধান নির্বাচক আগরকর বলেছেন, ‘রোহিতকে সিদ্ধান্তের কথা আগেই জানানো হয়েছিল। তবে এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। কিন্তু কখনও কখনও ভবিষ্যতের কথা ভেবে কঠিন সিদ্ধান্ত নিতেই হয়।’
আগরকরের যুক্তি, তিন ধরনের ক্রিকেটে তিন জন অধিনায়ক রাখা সম্ভব নয়। যেহেতু টেস্টে শুভমান অধিনায়ক, তাই একদিনের ক্রিকেটে রোহিতকে সরিয়ে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আগরকর বলেছেন, ‘তিন ফর্ম্যাটে তিন জন আলাদা অধিনায়ক রাখা সম্ভব নয়। এতে পরিকল্পনা, দল সাজানো, কোচের সঙ্গে সমন্বয়-সবেতেই সমস্যা হয়। এটা দলের জন্য যেমন ভালো নয়, তেমনই কোচের জন্যও সমস্যা তৈরি করে। তাই আমাদের লক্ষ্য ছিল, যিনি টেস্টে নেতৃত্ব দিচ্ছেন, তাঁকেই ওয়ানডেতেও দায়িত্ব দেওয়া।’
প্রধান নির্বাচক জানিয়েছেন, রোহিতকে নেতৃত্ব থেকে সরানো আগামী বিশ্বকাপের পরিকল্পনার অংশ। তিনি বলেছেন, ‘আমরা আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখেছি। রোহিতকে সরানোর এটাও একটা কারণ। এখন একদিনের ক্রিকেট বেশি খেলা হয় না। দু’বছর অনেক সময় মনে হতে পারে। কিন্তু আসলে তা নয়। ওয়ানডে ম্যাচের সংখ্যা অনেক কম। শুভমানকে তাই এখনই দায়িত্ব দেওয়া হয়েছে।’
