কলকাতা- রবিবার পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচের আগে টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আঘার সঙ্গে করমর্দন করেননি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। আঘাও হাত মেলানোর কোনও উদ্যোগ নেননি সেই সময় এবং টসের পর দুজনেই নিজ নিজ ড্রেসিংরুমে ফিরে যান।
ম্যাচ শেষ হওয়ার পরও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় অধিনায়ক ও খেলোয়াড়রা। ম্যাচ শেষ কমর্দনের জন্য পাকিস্তানিরা অপেক্ষা করলেও সূর্যকুমার যাদব ও শিবম দুবে সোজা ড্রেসিংরুমে চলে যান।
জানা গিয়েছে, হাত না মেলানোর এই সিদ্ধান্ত সূর্যের নয়, বরং এর নির্দেশ ‘ওপর’ থেকে এসেছিল। আর তাই সূর্যকুমার যাদব ও শিবম দুবে করমর্দন না করেই ড্রেসিংরুমে ফেরেন। পরে পাক ক্রিকেটারদের মুখের ওপর দরজা বন্ধ করেন ভারতীয়রা।
ম্যাচ পরবর্তী সাক্ষাৎকার বয়কট করেন পাকিস্তানি অধিনায়ক। পাকিস্তানি কোচ সংবাদ সম্মেলন বলেন, তারা করমর্দনের জন্য প্রস্তুত ছিলেন। এদিকে ভারতীয় দলের এই পদক্ষেপ নিয়ে রেফারির কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এর আগে মঙ্গলবার টুর্নামেন্টের আগে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আট দলের অধিনায়করা। এ সময় এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে করমর্দন করেন সূর্যকুমার যাদব। শুধু তাই নয়, মঞ্চ ছাড়ার সময় পাকিস্তানি অধিনায়ক আঘার সঙ্গেও করমর্দন করেন তিনি।
পাকিস্তানিদের সঙ্গে হাত না মেলানো প্রসঙ্গে সূর্য বলেন, ‘আমরা এখানে আসার সময়ই সিদ্ধান্ত নিয়েছিলাম যে খেলতেই আসছি। আমরা জবাব দিতে চেয়েছিলাম। ভারতীয় ক্রিকেট বোর্ড ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা একমত।’ অপরদিকে গতকাল ম্যাচ শেষে এই জয় ভারতীয় সেনাকে উৎসর্গ করেন সূর্য। পহেলগাঁও হামলা নিহতদের পরিবারের পাশে থাকার বার্তাও দেন তিনি।
