কলকাতা : কলকাতার অভিজাত আবাসনে মহিলার দেহ উদ্ধার। মঙ্গলবার আনন্দপুরের আরবানা আবাসনের নীচ থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে।
দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ৪৫ তলা ওই আবাসনের ১৯ তলার বারান্দা থেকে থেকে নিচে পড়েই মৃত্যু। কিন্তু আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ সূত্রের খবর, মৃত মহিলার নাম সঞ্চিতা আগরওয়াল। পূর্ব কলকাতার আরবানা কমপ্লেক্সের চার নম্বর টাওয়ারের নীচে মঙ্গলবার ভোর ওই মহিলার অচৈতন্য দেহ মেলে। স্থানীয়রা দেখে দ্রুত দেহ উদ্ধার করে এনআরএসে নিয়ে যায়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
দেহটি শনাক্ত করেন সঞ্চিতারই দুই সন্তান সুহানা ও ভূমি আগরওয়াল। মৃতার পরিবার সূত্রের খবর, সঞ্চিতা চাপা স্বভাবের ছিলেন। কারও সঙ্গে বিশেষ মিশতেন না। বেশ কয়েকদিন ধরে হতাশায় ভুগছিলেন। সম্ভবত অবসাদের কারণে ১৯ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে মহিলার। তিনি ঝাঁপ দিয়েছেন? নাকি পরিকল্পিত খুন? সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের।
