ব্যাডমিন্টন খেলতে খেলতেই মৃত্যু! কোর্টেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বছর ২৫-এর যুবক!

কলকাতা- সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। ব্যাডমিন্টন খেলছেন কয়েকজন। প্রথমদিকে সব ঠিক ছিল। কিন্তু ভিডিওর একেবারে শেষ অংশ দেখে অবাক নেটিজেনরা। তরতাজা যুবকের পরিণতি এমন মর্মান্তিক!

ভিডিওতে দেখা গিয়েছে, কয়েকজন যুবক খোশ মেজাজেই ব্যাডমিন্টন খেলছিলেন। আচমকা এক যুবক খেলতে খেলতেই বাঁ দিকে লুটিয়ে পড়েন। তৎক্ষণাৎ ছুটে আসেন বাকিরা। 

জানা গিয়েছে, ওই ভিডিও হায়দরাবাদের নাগোল স্টেডিয়ামের। জানা গিয়েছে, খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়া ওই যুবকের নাম গুন্ডলা রাকেশ। বয়স ২৫।

হায়দরাবাদের একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন বলে খবর সূত্রের। ওই যুবকের বিস্তারিত পারিবারিক তথ্যের খোঁজে জানা গিয়েছে, তিনি খাম্মাম জেলার তাল্লাদার প্রাক্তন ডেপুটি সরপঞ্চ গুন্ডলা ভেঙ্কটেশ্বরলুর পুত্র।

যে সময়ের সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, তা রবিবার, রাত আটটার দিকের। রাকেশ খেলতে খেলতে মাটিতে লুটিয়ে পড়তেই অন্যান্যরা ছুটে যান তাঁর কাছে। একজন বুকে চাপ দেওয়ার চেষ্টাও করেন। রাকেশকে তৎক্ষণাৎ নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে রাকেশের। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাকেশ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *